মোবাইল ফোনের আমদানি শুল্ক এবং দেশে উৎপাদিত হ্যান্ডসেটের ভ্যাট কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
মোবাইল ফোন উৎপাদনের যন্ত্রাংশ আমদানির শুল্ক কমানোর কথাও বলা হয়েছে চিঠিতে। পাশাপাশি ব্যবসায়ীতের অনুরোধে এরইমধ্যে অবৈধ প্রক্রিয়ায় দেশে ঢুকে ‘গ্রে মার্কেটে’ মজুদ হয়ে থাকা ফোনগুলোও বৈধ করার পদক্ষেপ নিতেও বলেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
বিটিআরসির উপপরিচালক (জনসংযোগ) মো. জাকির হোসেন খাঁন গত ৪ নভেম্বর এনবিআরের চেয়ারম্যানকে চিঠি পাঠানোর তথ্য দেন।
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে দেশে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ বা এনইআইআর কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। এরমধ্যে বিটিআরসির এমন পদক্ষেপের তথ্য সামনে এল। একই চিঠি অর্থসচিবের কাছেও পাঠানো হয়েছে।
এনএআইআর এর মাধ্যমে প্রতিটি হ্যান্ডসেটকে নিবন্ধনের আওতায় আনার পদক্ষেপ নিয়েছে সরকার। এটি কার্যকরের পর থেকে অননুমোদিত হ্যান্ডসেট দেশের নেটওয়ার্কে যুক্ত হবে না। চাইলেই একজনের সিমকার্ড খুলে আরেকজনের হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে না। হ্যান্ডসেট হাত বদলের আগে করতে হবে ‘ডি-রেজিস্ট্রেশন’।
