চলমান বিপিএলে অধিনায়কত্বে পরিবর্তন এনেছে রংপুর রাইডার্স। দীর্ঘদিন দলটির নেতৃত্ব দেওয়া নুরুল হাসান সোহানের জায়গায় নতুন অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। লিগপর্বের বাকি দুই ম্যাচের একটি জিতলেই প্লে-অফ নিশ্চিত হবে রংপুরের।
এবারের বিপিএলে ৮ ম্যাচে চার জয় ও চার হারে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে রয়েছে রংপুর। প্লে-অফের দৌড়ে তাদের সঙ্গে লড়াইয়ে আছে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস। টানা তিন ম্যাচে হারের পর দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হলো লিটনের হাতে। এর আগে অন্য ফ্র্যাঞ্চাইজিতে অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকলেও প্রথমবার রংপুরের দায়িত্ব পেলেন তিনি।
ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে এবারের বিপিএল লিটনের জন্য খুব একটা ভালো যায়নি। ৮ ম্যাচে ২০.২৫ গড়ে এবং ১৩৫ স্ট্রাইকরেটে করেছেন ১৬২ রান। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নেতৃত্বের চাপ নিয়ে তিনি চিন্তিত নন।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘না, কোনো বাড়তি চাপ নেই। চেষ্টা করব শতভাগ দেওয়ার। এখন পর্যন্ত নিজের কাছ থেকে যেভাবে আশা করি বা সবাই যেভাবে আশা করে, সেভাবে করতে পারিনি। কিন্তু চেষ্টার কমতি ছিল না। এখান থেকে ঘুরে দাঁড়িয়ে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব।
প্লে-অফ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে খুব একটা চ্যালেঞ্জিং মনে হয় না। এখন একটা ম্যাচ জিতলেই আমরা সুপার ফোরে উঠব। এরপর ম্যাচ বাই ম্যাচ এগোলে ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। এখনও সব শেষ হয়ে যায়নি, ভালো ক্রিকেট খেলতে পারলে সুযোগ আসবেই।
অন্যদিকে, ব্যাট হাতে ভালো করতে না পারায় সমালোচনার মুখে থাকা নুরুল হাসান সোহান অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। লিটনের হাতে নেতৃত্ব তুলে দেওয়া নিয়ে সোহান বলেন, ‘এখন বিশ্বকাপের কথা মাথায় নেই। আমি একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছি, এখানেই পুরো মনোযোগ। দল যখন চেয়েছে, একজন খেলোয়াড় হিসেবে দায়িত্ব নেওয়াটাই সঠিক মনে করেছি।
