দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলে এমনিতেই ইতিহাস গড়া হয়ে গেছে মুশফিকের। সেই উপলক্ষ্য সেঞ্চুরি দিয়ে রাঙিয়ে এবার তিনি ঢুকে গেলেন এমন এক এলিট ক্লাবে যেখানে ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে তার আগে ছিলেন কেবল ১১ জন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) মিরপুর টেস্টের দ্বিতীয় দিন মূল আকর্ষণে ছিলেন মুশফিক। শততম টেস্টে শতকের দ্বারপ্রান্তে থাকায় সবার নজরে ছিলেন তিনি।
প্রথম ওভারে বেশ দেখেশুনেই খেলেন মিস্টার ডিপেন্ডেবল। কোনো ধরনের ঝুঁকি না নিয়ে সেঞ্চুরি পূরণ করেন দিনের দ্বিতীয় ওভারে। এর আগেও ১২টি সেঞ্চুরি করেছেন মুশফিক। সেসবের তিনটিকে পরিণত করেছেন ডাবল সেঞ্চুরিতে। তবে আজ করা ১৩তম সেঞ্চুরি নিশ্চিতভাবেই সবচেয়ে আলাদা। ৯৫ বলে শতক পূর্ণ করে নিজের প্রথাগত উদযাপনে মাতেন টেস্টে বাংলাদেশের সফলতম এই ব্যাটার।
