কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাতআংগারিয়া ও ভাসানীপাড়া গ্রাম থেকে প্রায় ৯ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে বলদিয়া বাজারের স্থানীয় সাপুড়ে মোজাহারের সহায়তায় সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় কৃষকরা সকালে জমিতে কাজ করার সময় হঠাৎ বিশাল দেহের অজগরটি দেখতে পান। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান সার্কেল এএসপি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উৎসুক জনতার ভিড়ের কারণে সাপটির যেন কোনো ক্ষতি না হয়, সে জন্য ঘটনাস্থল ঘিরে সুরক্ষাবেষ্টনী তৈরি করে পুলিশ।
পরে নিরাপদভাবে অজগরটি উদ্ধার করে কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
কুড়িগ্রাম বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুর রহমান বলেন, অজগর সাপটি স্থানীয় এক সাপুড়ে ধরেছিলেন। আমরা সাপটি গ্রহণ করে রংপুর বিভাগীয় বন দপ্তরে পাঠিয়েছি।
