নেত্রকোনার কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালত চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যক্রমে বাধা দেওয়ায় লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সাইদুর রহমান জনপ্রতিনিধি হিসেবে সহযোগিতা করার পরিবর্তে ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধাসৃষ্টি এবং আদালত চলাকালীন সময়ে আদালত অবমাননা করেছেন। বিষয়টি ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণ। এসব কারণে স্থানীয় সরকার আইন অনুযায়ী চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হলো।
এর আগে, শনিবার বিকালে লেঙ্গুরা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত চলাকালীন লেঙ্গুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ইউএনও মাসুদুর রহমানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। যার ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে ইউএনওকে উদ্দেশ্য করে ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমানকে বলতে শোনা যায়, ‘স্বাক্ষর করার আগে আমাকে বলেন। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, মোবাইল কোর্ট করার আগে আমাকে বলতে হবে’।
জানা গেছে, লেঙ্গুরা বাজারে স্থানীয় ব্যক্তি মো. পারভেজসহ কয়েকজন সরকারি জমি দখল করে অবৈধ মার্কেট নির্মাণ করছিলেন। এই খবরে উপজেলা প্রশাসন শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ওই বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত পারভেজকে আটক ও অর্থদণ্ড করে। এরপর ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে আসলে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
